গোপালগঞ্জে পার্কে স্টাফদের হামলার শিকার জেলা ছাত্রদল সভাপতি
গোপালগঞ্জে সাভানা ইকোপার্ক অ্যান্ড রিসোর্টের মূল গেটের সামনে পার্কের স্টাফদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন হামলার শিকার হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে সাভানা ইকোপার্ক অ্যান্ড রিসোর্টের মূল গেটের সামনে পার্কের স্টাফদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন হামলার শিকার হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বড় ডুমরাশুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিকাইল হোসেন জানান, বিকেলে সাতপাড় এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবরের নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার পর তিনি কয়েকজন সঙ্গীকে নিয়ে সাভানা পার্কে ঘুরতে যান। পার্কে মোটরসাইকেল প্রবেশ নিয়ে এক স্টাফের সঙ্গে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। পরে পার্কের ম্যানেজমেন্ট বিষয়টি মীমাংসা করলেও পার্ক থেকে বের হওয়ার সময় অজ্ঞাত কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি ও কিলঘুষি মেরে তাকে আহত করে।
পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন জানান, প্রথমে স্টাফদের সঙ্গে বিবাদের সময় মিকাইলের সঙ্গে থাকা এক যুবক এক স্টাফকে থাপ্পড় মারেন। এরপর মিকাইল পার্কের বাইরে যাওয়ার সময় স্থানীয় কিছু লোকজন ও পার্কের স্টাফরা তাকে ঘিরে হামলা চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
এমবি এইচআর

