ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে জেলা প্রশাসকের কার্যালয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। রোববার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে জেলা প্রশাসকের কার্যালয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। রোববার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আতাউর রহমান আতার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। সিদ্ধান্ত ঘোষণার পরপরই আতাউর রহমান আতা তাৎক্ষণিক আপত্তি জানান এবং অপর এক প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা ও অনিয়মসংক্রান্ত নথিপত্র উপস্থাপনের চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়ে থামিয়ে দেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে ধাক্কাধাক্কি করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হন বলে দাবি করা হয়।
ভুক্তভোগী প্রার্থীর অভিযোগে বলা হয়েছে, তিতাস গ্যাসের বিল জালিয়াতি সংক্রান্ত বিষয়ে কথা বলতে এবং প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। এরপর সোহেল রানা, নাসির উদ্দিন যাদু, উজ্জ্বল ও লিটন নামের কয়েকজন ব্যক্তি তাকে ধাক্কা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা হেনস্তার ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমবি এইচআর

