বন্ধুকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ
ময়মনসিংহের ত্রিশালে বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) কুড়াল দিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ করেছেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ত্রিশাল থানা বাউন্ডারি ওয়ালঘেষা নজরুল একাডেমি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) কুড়াল দিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ করেছেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ত্রিশাল থানা বাউন্ডারি ওয়ালঘেষা নজরুল একাডেমি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং মুহূর্তেই শত শত মানুষ থানার সামনে ভিড় জমায়।
নিহত ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের সাবেক মেম্বার বাদলের ছেলে। তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতেন। মাসখানেক আগে ছুটিতে দেশে এসেছেন এবং দু’দিন পর আবার মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল।
অপরদিকে ঘাতক অনিক মণ্ডল টাঙ্গাইলে একটি কলেজে অনার্সে পড়েন। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে থানার পেছনে বসবাস করেন।
ঘটনার প্রায় আধা ঘণ্টার মধ্যেই অনিক রক্তমাখা কুড়াল হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন বলে জানান ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ। তিনি বলেন, অনিক থানায় এসে হত্যার বিষয়টি স্বীকার করেছেন এবং দাবি করেছেন ফাহিম তার ‘অনেক ক্ষতি করেছে’। পূর্বশত্রুতার জেরে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও জানান। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হয়েছে।
নিহতের পরিবার জানায়, সন্ধ্যার পর ফাহিম নানা বাড়ি কোনাবাড়ী থেকে খাওয়া-দাওয়া করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বের হন। এর এক ঘণ্টার মাথায় তারা তার মৃত্যুসংবাদ পান।
এমবি এইচআর

