চট্টগ্রামে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবক নিহত, চালকদের বিক্ষোভ
চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে নগরের বন্দর থানা এলাকা এবং জেলার হাটহাজারী উপজেলায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে নগরের বন্দর থানা এলাকা এবং জেলার হাটহাজারী উপজেলায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর হাটহাজারীতে পরিবহনশ্রমিকদের বিক্ষোভে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানায়, বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা আজিয়ার রহমান নামে এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজিয়ার রহমান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এদিকে, একই রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড কলাবাগান এলাকায় আরেকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, অটোরিকশায় করে আসা তিনজন দুর্বৃত্ত মাহবুবুল আলম নামে এক যুবককে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মাহবুবুল আলম হাটহাজারী পৌরসভার দেওয়াননগর এলাকার বাসিন্দা এবং পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।
মাহবুবুল আলমের হত্যার প্রতিবাদে রোববার সকালে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনশ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় চট্টগ্রাম–রাঙামাটি ও চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, কী কারণে এবং কারা মাহবুবুল আলমকে ছুরিকাঘাত করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এমবি এইচআর

