নিখোঁজের ৮ দিন পর ইছাখালী খাল থেকে উদ্ধার বৃদ্ধের লাশ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজের আট দিন পর ইছাখালী খাল থেকে আবু ছৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজের আট দিন পর ইছাখালী খাল থেকে আবু ছৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলা সদরের খাদ্যগুদামের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু ছৈয়দ উপজেলার হইলাধর ইউনিয়নের পীরখাইন গ্রামের মৃত মালেকুজ্জামানের ছেলে।
নিহতের স্ত্রী ইসলাম খাতুন জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ৯ ডিসেম্বর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ১১ ডিসেম্বর আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার ভোরে খালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে গিয়ে কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
প্রত্যক্ষদর্শী নিলু আক্তার বলেন, ভোরের দিকে খালে একটি ভাসমান মরদেহ দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে তিনি আনোয়ারা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা পুলিশকে সঙ্গে নিয়ে এসে মরদেহটি উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমবি এইচআর

