নাইজেরিয়ায় সশস্ত্র হামলা: নিহতের সংখ্যা ৩২ থেকে ৩৮ দাবি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া-র একটি প্রত্যন্ত গ্রামে মোটরসাইকেলে আসা বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

Feb 15, 2026 - 11:42
 0  1
নাইজেরিয়ায় সশস্ত্র হামলা: নিহতের সংখ্যা ৩২ থেকে ৩৮ দাবি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া-র একটি প্রত্যন্ত গ্রামে মোটরসাইকেলে আসা বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার নাইজার রাজ্য-র বোরগু এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে আল জাজিরা

প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলে চলমান নিরাপত্তা সংকট ক্রমেই জটিল আকার ধারণ করছে। এলাকাটিতে আইএসআইএল-এর সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। পাশাপাশি বিচ্ছিন্ন কিছু সশস্ত্র গোষ্ঠী মুক্তিপণের জন্য অপহরণসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত।

হামলার বিষয়টি নিশ্চিত করে নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, টুঙ্গা-মাকেরি গ্রামে হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। কতজনকে অপহরণ করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। হামলাকারীরা পরবর্তীতে কনকোসো গ্রামেও আক্রমণ চালায়।

কনকোসোর বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা রয়টার্স-কে জানান, ভোরে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মধ্য দিয়ে হামলা শুরু হয় এবং তার গ্রামে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গ্রামের থানায়ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, একটি মানবাধিকার সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর বরাতে এএফপি জানিয়েছে, কনকোসোতে নিহতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে। ওই সূত্রের দাবি, নিহতদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে এবং অধিকাংশ বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

কনকোসোর আরেক বাসিন্দা এএফপিকে জানান, হামলাকারীরা তার ভাগ্নেকে হত্যা করেছে এবং চার নারীকে অপহরণ করেছে। তিনি আরও জানান, কনকোসোর পর পিসা গ্রামেও হামলা চালানো হয়। সেখানে পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয় এবং একজন নিহত হন। বর্তমানে বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এমবি এইচআর