১৬–১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, জানালেন প্রেসসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

Feb 14, 2026 - 15:18
 0  1
১৬–১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, জানালেন প্রেসসচিব
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, শপথ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়েছে—খুব দ্রুত শপথ সম্পন্ন হবে এবং সর্বোচ্চ ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই তা শেষ করা হবে।

শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেসসচিব জানান, নির্বাচনের ফল ঘোষণার পরদিন থেকেই শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে এবং আনুষঙ্গিক অন্যান্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

তবে স্পিকারের অনুপস্থিতিতে কে শপথ বাক্য পাঠ করাবেন—এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। এ সংক্রান্ত বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে বলে উল্লেখ করেন।

শফিকুল আলম বলেন, শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। প্রধান উপদেষ্টা ও তার টিম নিয়মিত কাজ করছেন এবং মসৃণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে মন্ত্রিপরিষদও সক্রিয় রয়েছে।

সংসদ সচিবালয়ের সঙ্গে সমন্বয় এবং বঙ্গভবনের প্রস্তুতির বিষয়টি আইন উপদেষ্টা আসিফ নজরুল তদারকি করছেন বলেও জানান প্রেসসচিব।

এমবি এইচআর