বগুড়ায় শো-রুম থেকে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার
বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার ব্যবসায়ী পিন্টু আকন্দ (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক ঘণ্টা পর সোমবার রাত আনুমানিক ৩টার দিকে আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার ব্যবসায়ী পিন্টু আকন্দ (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক ঘণ্টা পর সোমবার রাত আনুমানিক ৩টার দিকে আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা। তিনি একটি জুতার শো-রুমের মালিক ছিলেন।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলার লটো শো-রুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়ি থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমে ঢুকে ব্যবসায়ী পিন্টু আকন্দকে ভয়ভীতি প্রদর্শন করে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে। পরে বাইরে অপেক্ষমাণ সহযোগীদের সহায়তায় তাঁকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘীর দিকে পালিয়ে যায়।
ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমের হাতে এসেছে। ফুটেজে অপহরণের পুরো ঘটনা ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে দেখা যায়, দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল এবং তারা খুব দ্রুত অপহরণ করে ঘটনাস্থল ত্যাগ করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি এইচআর

