হিমাগার থেকে হাওয়া কৃষকের হাজার বস্তা আলু

জয়পুরহাটে একাধিক হিমাগারে কৃষকদের অজান্তে হাজার হাজার বস্তা আলু বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পাঁচবিবি ও ক্ষেতলাল উপজেলার সাথী, মোল্লা ও হাফিজার রহমান হিমাগার কর্তৃপক্ষ কৃষকদের অনুমতি না নিয়েই গোপনে আলু বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Nov 10, 2025 - 13:48
 0  3
হিমাগার থেকে হাওয়া কৃষকের হাজার বস্তা আলু
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জয়পুরহাটে একাধিক হিমাগারে কৃষকদের অজান্তে হাজার হাজার বস্তা আলু বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পাঁচবিবি ও ক্ষেতলাল উপজেলার সাথী, মোল্লা ও হাফিজার রহমান হিমাগার কর্তৃপক্ষ কৃষকদের অনুমতি না নিয়েই গোপনে আলু বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন বহু কৃষক।

শালাইপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক জানান, তিনি সাথী হিমাগারে রেখেছিলেন ৯০০ বস্তা আলু। কিন্তু তাকে কিছু না জানিয়ে সব আলুই বিক্রি করে দেওয়া হয়েছে বলে তিনি জানতে পারেন। আরেক কৃষক আমজাদ হোসেন বলেন, মোল্লা হিমাগারে রাখা তাঁর ৩০০ বস্তা আলু তুলতে গিয়ে দেখেন, কোনো আলুই আর নেই।

অন্যদিকে হিমাগার কর্তৃপক্ষ দাবি করেছে, আলু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা এবং জায়গা খালি করার প্রয়োজনীয়তার কারণে আগে থেকেই এসব আলু বিক্রি করতে হয়েছে।

এ বিষয়ে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সময়সীমার আগেই কৃষকের অনুমতি ছাড়া আলু বিক্রি করা আইনগতভাবে সম্পূর্ণ বেআইনি। কোনো অবস্থাতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করার সুযোগ নেই।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে যথাযথ ক্ষতিপূরণ এবং কঠোর বিচার দাবি করেছেন।
জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আনোয়ারুল হক আনু বলেন, হিমাগারে রাখা কৃষকের ফসল যদি নিরাপদ না থাকে, তবে এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়—কৃষকের প্রতি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক দায়িত্ববোধের ঘাটতির নগ্ন প্রকাশ। তিনি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কৃষকের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

এমবি এইচআর