উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠানে উপস্থিত দুই যুবকের মধ্যে শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠানস্থলের পাশেই দুপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে পুলিশ খবর পেয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমবি এইচআর