নাটোরের সিংড়ায় নির্বাচনী সহিংসতা, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকে কুপিয়ে জখম

নাটোরের সিংড়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও বিএনপি নেতা রায়হান কবিরকে (৪৫) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Jan 10, 2026 - 16:52
 0  2
নাটোরের সিংড়ায় নির্বাচনী সহিংসতা, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকে কুপিয়ে জখম
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও বিএনপি নেতা রায়হান কবিরকে (৪৫) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহত রায়হান কবিরের ছেলে মেহেদী হাসান শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সিংড়া থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রায়হান কবির সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের সমর্থক।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (বিকেল ৩টার দিকে)। নির্বাচনী আলোচনা শেষে বাড়ি ফেরার পথে বিলতাজপুর এলাকায় বিএনপির ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহানের নেতৃত্বে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রায়হান কবিরকে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পরিবার জানিয়েছে।

রায়হান কবিরের ছেলে মেহেদী হাসান জানান, তার বাবার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার শিবলী নোমান বলেন, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

আহত রায়হান কবির দাবি করেন, হিজলী গ্রামের রমজান আলী ও সোহানুর রহমান সোহানের নেতৃত্বে রহিদুল, আউয়াল, মিঠু, ফরহাদসহ কয়েকজন এ হামলায় অংশ নেয়।

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা সোহানুর রহমান সোহান বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং এটি পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে। এখন নির্বাচনকে জড়িয়ে বিষয়টি ভিন্ন খাতে নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, রগ কেটে রায়হান কবিরকে হত্যার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, অপরাধীদের কোনো দল নেই—যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, শুক্রবার রাতে ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এমবি এইচআর