আগুন দেওয়ার অভিযোগে আ. লীগ নেতার ছেলেকে খুঁটিতে বেঁধে মারধর
নাটোরের সদর উপজেলার চৌগাছি মধ্যপাড়া গ্রামে খড় ও পাটকাঠির পালায় আগুন দেওয়ার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ছেলে নাজমুল হোসেনকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেছে স্থানীয়রা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নাটোরের সদর উপজেলার চৌগাছি মধ্যপাড়া গ্রামে খড় ও পাটকাঠির পালায় আগুন দেওয়ার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ছেলে নাজমুল হোসেনকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর থেকে শনিবার রাত পর্যন্ত এলাকায় অন্তত সাতটি স্থানে খড় ও পাটকাঠির পালায় অগ্নিকাণ্ড ঘটে। রাতের অন্ধকারে এসব আগুন লাগানো হয়, তবে কেউ শনাক্ত হয়নি। এ পরিস্থিতিতে রবিবার ভোরে মোটরসাইকেলে ঘোরাঘুরি করার সময় গ্রামবাসীর সন্দেহ হয় এবং নাজমুলকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রাখে।
নাজমুল কাফুরিয়া ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আবদুল খালেকের ছেলে। পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেয়। যাচাই-বাছাইয়ে দেখা যায়, তার বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। পরে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমবি/টিআই

