বাড়িতে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা, আহত স্ত্রী
পদ্মার চরে রাতের আঁধারে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় সোহেল রানা (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে আহত হয়েছেন তাঁর স্ত্রী স্বাধীনা খাতুন (৩০)।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পদ্মার চরে রাতের আঁধারে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় সোহেল রানা (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে আহত হয়েছেন তাঁর স্ত্রী স্বাধীনা খাতুন (৩০)।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের করারি নওশারা চরে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই এলাকার কালু মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সোহেল রানা ও তাঁর স্ত্রী ঘুমিয়ে থাকার সময় একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে সোহেল রানাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। এ সময় পাশে থাকা তাঁর স্ত্রীও গুলিবিদ্ধ হন।
গুলির পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত স্বাধীনা খাতুনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর হাতে গুলি লেগেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, এই হত্যাকাণ্ডের সঙ্গে আগের একটি সংঘর্ষ ও হত্যার ঘটনা জড়িত থাকতে পারে। গত বছরের ২৭ অক্টোবর রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর এলাকার সংযোগস্থল পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজন নিহত হন। সেই ঘটনার জের ধরেই প্রতিশোধমূলকভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমবি এইচআর

