চাঁদপুরে পাঁচ দিন পর নদী থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ

চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট দর্জিবাড়ি এলাকায় ডাকাতিয়া নদী থেকে নিখোঁজের পাঁচ দিন পর ফারজনা আক্তার ফাতেমা (১২) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

Nov 23, 2025 - 17:21
 0  2
চাঁদপুরে পাঁচ দিন পর নদী থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট দর্জিবাড়ি এলাকায় ডাকাতিয়া নদী থেকে নিখোঁজের পাঁচ দিন পর ফারজনা আক্তার ফাতেমা (১২) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার দুপুরে চাঁদপুর নৌ থানার ওসি এএসএম ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ফারজনা শহরের ৫ নম্বর কয়লাঘাট এলাকার ভাড়াটিয়া আলী হোসেন মৃধার মেয়ে। গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানার পশ্চিম কাউনিয়া গ্রামে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে একজন জেলে কচুরিপানার সঙ্গে ভেসে থাকা মরদেহটি দেখে নদীপাড়ের লোকজনকে জানান। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এরপর পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন কিশোরীর বাবা আলী হোসেন। তিনি জানান, গত বুধবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকেই মেয়ে নিখোঁজ ছিল।

নৌ থানার এসআই বিল্লাল হোসেন আজাদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর পুরানবাজার এলাকায় ট্রলার চালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন। ঘটনার পর পাশের ট্রলারের চালকেরা মনিরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

নৌ থানার ওসি এএসএম ইকবাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যামামলা করার প্রস্তুতি চলছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।