ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধি হত্যায় আলোচিত রবিন গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন (৩২) নামে সিটি গ্রুপের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনায় আলোচিত প্রধান আসামি রফিকুল ইসলাম রবিন (৩১)–কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (১৭ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গত ১১ নভেম্বর রাতে ফরিদগঞ্জের রুস্তমপুর এলাকায় সিটি গ্রুপের ‘বেঙ্গল’ পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার পরিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।
র্যাব জানায়, প্রতিদিনের মতো সেদিনও রুহুল পণ্য বিক্রি শেষে রাতে মোটরসাইকেলে করে ডিলারের কাছে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে রবিন ও তার সহযোগীরা তাকে থামিয়ে নগদ টাকা ছিনতাই করে। রুহুল মোটরসাইকেল চালিয়ে তাদের পিছু নিলে রুস্তমপুরের সমিতি পোলের কাছে তিনি সাহায্যের জন্য ডাকতে থাকেন। সেই সময় রবিন তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই রুহুলের মৃত্যু হয়।
গ্রেপ্তার রবিনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। তিনি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার হাজী শামসুন নুর পাটোয়ারীর ছেলে।
র্যাব-১১ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, “ঘটনার পর থেকে রবিন ও তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
এমবি এইচআর