ভারত-ইইউ ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি, নাখোশ কেন যুক্তরাষ্ট্র?

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ আবারও প্রকাশ্যে এসেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইইউ বাণিজ্যকে বেশি গুরুত্ব দিয়েছে।

Jan 29, 2026 - 14:10
 0  3
ভারত-ইইউ ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি, নাখোশ কেন যুক্তরাষ্ট্র?
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ আবারও প্রকাশ্যে এসেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইইউ বাণিজ্যকে বেশি গুরুত্ব দিয়েছে।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্টকে প্রশ্ন করা হয়—ইউরোপ ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ায় যুক্তরাষ্ট্র কি চাপের মুখে পড়ছে? জবাবে তিনি ইউরোপীয় নেতৃত্বের আচরণে হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে ইউরোপ রয়েছে। কিন্তু একই সময়ে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এবং সেই তেল পরিশোধনের পর যে পণ্য তৈরি হচ্ছে, তা ইউরোপই কিনছে। এতে করে ইউরোপ নিজেদের বিরুদ্ধে চলা যুদ্ধের অর্থ নিজেরাই জোগান দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বেসেন্ট জানান, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে ইউরোপ এ সিদ্ধান্তে যুক্ত না হয়ে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে এগিয়েছে।

তার ভাষায়, “যখনই ইউরোপ ইউক্রেনের মানুষের প্রতি সমর্থনের কথা বলে, তখন মনে রাখতে হবে—তারা বাস্তবে বাণিজ্যকে অগ্রাধিকার দিচ্ছে।”

এদিকে যুক্তরাষ্ট্রও ভারতের সঙ্গে পৃথক বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সেই চুক্তিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ভারত অবশ্য পাল্টা যুক্তি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রও এখনো রাশিয়ার কাছ থেকে রেয়ার আর্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য আমদানি করে থাকে।

এমবি এইচআর