চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, মৃত বেড়ে ১৮; জরুরি অবস্থা জারি

দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ২৪টি সক্রিয় বনাঞ্চলের আগুন জ্বলছে।

Jan 19, 2026 - 13:18
 0  2
চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, মৃত বেড়ে ১৮; জরুরি অবস্থা জারি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ২৪টি সক্রিয় বনাঞ্চলের আগুন জ্বলছে। এই দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক রোববার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রাতের কারফিউ জারি করা হয়েছে।

এর আগে দেশটির নিরাপত্তামন্ত্রী লুইস কোরদেরো এক সংবাদ সম্মেলনে জানান, বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দুটি অঞ্চলেই দাবানলের প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে।

রোববারই প্রেসিডেন্ট বোরিক বায়োবিও ও নুবলে অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, দাবানল নিয়ন্ত্রণে সব ধরনের রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে আগুন নেভানোর কাজে চিলির সশস্ত্র বাহিনীও যুক্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে। এই দুই শহরে মোট প্রায় ৬০ হাজার মানুষের বসবাস।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিসালদে সতর্ক করে বলেন, আগামী কয়েক দিনে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা দাবানল নিয়ন্ত্রণের কাজকে আরও কঠিন করে তুলতে পারে। তিনি বলেন, ‘আমরা একটি অত্যন্ত জটিল পরিস্থিতির মুখোমুখি।’

দাবানলে এখন পর্যন্ত বায়োবিও ও নুবলে অঞ্চলে প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং অন্তত ২৫০টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বারবার ভয়াবহ দাবানলের ঘটনা ঘটছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একযোগে ছড়িয়ে পড়া দাবানলে দেশটিতে ১৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সে সময় প্রেসিডেন্ট বোরিক এটিকে ২০১০ সালের ভূমিকম্পের পর চিলির সবচেয়ে বড় জাতীয় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছিলেন।

এমবি এইচআর