নারীদের অবমাননা করে ইসলামি শাসনের কথা বলা ভণ্ডামি: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় এবং দলটির একজন নেতা প্রকাশ্যেই নারীদের অসম্মান করেছেন।

Feb 2, 2026 - 14:29
 0  1
নারীদের অবমাননা করে ইসলামি শাসনের কথা বলা ভণ্ডামি: তারেক রহমান
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় এবং দলটির একজন নেতা প্রকাশ্যেই নারীদের অসম্মান করেছেন। অথচ ইসলামের ইতিহাসে নারীদের সক্রিয় ভূমিকার স্পষ্ট উদাহরণ রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন কর্মমুখী নারী ও সফল ব্যবসায়ী।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আগে ইসলামি শাসন কায়েমের কথা বললেও একই সঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছে। এতে প্রমাণ হয়, তারা মূলত নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে, দেশের উন্নয়ন বা জনগণের কল্যাণ নিয়ে নয়।

তিনি আরও বলেন, নারীদের পিছিয়ে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল ভোট গণনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং এ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনা নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান।

এদিকে খুলনার কর্মসূচি শেষে দুপুর দেড়টার দিকে তারেক রহমান যশোর ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এটি যশোরে তার প্রথম সরাসরি জনসভা বলে জানানো হয়েছে।

এমবি এইচআর