রাতের আঁধারে সার পাচার, কৃষকদের হাতে গাড়ি জব্দ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে সরকারি বিএডিসি ডিলারের বিরুদ্ধে রাতের আঁধারে সার পাচারের অভিযোগ উঠেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে সরকারি বিএডিসি ডিলারের বিরুদ্ধে রাতের আঁধারে সার পাচারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় কৃষকরা ৪০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি নছিমন গাড়ি আটক করেন।
স্থানীয় সূত্র জানায়, আদাবাড়িয়া ইউনিয়নের সরকারি বিএডিসি সার ডিলার মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন নিজ গোডাউন থেকে ৪০ বস্তা ইউরিয়া সার নছিমন গাড়িতে করে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার সাহেবনগরের এক ব্যবসায়ীর কাছে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন। এ সময় ধর্মদহ গ্রামের কাজিপুর ব্রিজের ওপর কৃষকরা গাড়িটি আটক করেন।
কৃষকরা গাড়ির চালকের কাছে সারের বৈধ রসিদ চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে সারসহ গাড়িটি জব্দ করেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার মামুন দীর্ঘদিন ধরে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ না করে বাইরে বেশি দামে বিক্রি করে আসছেন। এতে কৃষকরা ন্যায্যমূল্যে সার পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এসব অভিযোগের ভিত্তিতেই কৃষকরা তাকে হাতেনাতে আটক করেন বলে জানান তারা।
এ বিষয়ে মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, তিনি সার পাচারের সঙ্গে জড়িত নন। তবে তিনি মাঝে মাঝে বাইরে থেকে ইউরিয়া সার কিনে বাইরে বিক্রি করেন বলে স্বীকার করেন। পরে তিনি তার সহোদর ভাইকে ফোনটি ধরিয়ে দেন। এ সময় তার ভাই সরাসরি সাক্ষাৎ করার অনুরোধ জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন কালবেলাকে বলেন, ‘সরকারি অনুমোদিত বিএডিসি ডিলার সার পাচার করছিল—এমন অভিযোগ পাওয়ার পর সার ও গাড়ি জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এমবি এইচআর

