হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন ফারজানা আক্তার (২০)।

Dec 7, 2025 - 17:09
 0  3
হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন ফারজানা আক্তার (২০)। রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতিকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্বামী নূর আলী স্ত্রী ফারজানার পেটে ছুরি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকেই নূরকে আটক করে।

চার বছর আগে নূর আলী ও ফারজানার বিয়ে হয়। তাদের এক দুই বছরের সন্তান রয়েছে। শিমুলতলার পাখি মিয়ার ভাড়া বাসায় বসবাস করতেন দম্পতি। নূর ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদ এবং বাড়ির মালিক পাখি মিয়ার বরাত দিয়ে স্থানীয়রা জানান, সকালে উভয়েই লাদিয়া গ্রামে পিত্রালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুরনো বিরোধ নিয়ে তর্ক শুরু হলে নূর ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

এমবি এইচআর