২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই থেকে, ‘বঙ্গবন্ধু’ শব্দ তুলে নেওয়া হয়েছে
আগামী ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বছরের শুরু হওয়ার আগেই সরকারি বিনামূল্যের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ পড়তে পারবে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আগামী ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বছরের শুরু হওয়ার আগেই সরকারি বিনামূল্যের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ পড়তে পারবে। রোববার (২৮ ডিসেম্বর) থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এসব বই উন্মুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে ছাপা বই তুলে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ব্যাপক সংশোধন আনা হয়। তার ধারাবাহিকতায় ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দটি বাদ দিয়ে ব্যক্তিনাম হিসেবে ‘শেখ মুজিবুর রহমান’ ব্যবহার করা হয়েছে। এর আগে ২০২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত সব পাঠ্যবইয়েই শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ হিসেবে উপস্থাপন করা হতো।
এনসিটিবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের সব পাঠ্যবইয়ে ‘বঙ্গবন্ধু’-র পরিবর্তে ‘শেখ মুজিবুর রহমান’ নাম যুক্ত করা হয়েছে। গণঅভ্যুত্থানের পর পাঠ্যবই সংশোধনের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ বিষয়ে লিখিত নির্দেশনা পায় এনসিটিবি। পরে সেই নির্দেশনা অনুযায়ী সংশোধনের কাজ সম্পন্ন করা হয়।
২০২৬ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যবইয়ের ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম’ শীর্ষক তৃতীয় অধ্যায়ের ‘পাঠ–২: ৭ই মার্চের ভাষণ’-এ সাতটি স্থানের মধ্যে ছয়টিতে ‘বঙ্গবন্ধু’-র পরিবর্তে ‘শেখ মুজিবুর রহমান’ লেখা হয়েছে। তবে একটি স্থানে এখনো ‘বঙ্গবন্ধু’ শব্দটি রয়ে গেছে।
এনসিটিবি সূত্র জানায়, যেখানে শিরোনাম বা ঐতিহাসিক উপাধি হিসেবে ‘বঙ্গবন্ধু’ ব্যবহৃত হয়েছে, সেখানে তা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ব্যক্তিনাম উল্লেখের ক্ষেত্রে ‘বঙ্গবন্ধু’ বাদ দিয়ে ‘শেখ মুজিবুর রহমান’ লেখা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যান্য অভিযুক্তদের সঙ্গে শেখ মুজিবুর রহমান মুক্তি পান। পরদিন ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজিত জনসভায় তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। সে সময় এই উপাধি ঘোষণার ঘোষণা দেন তৎকালীন ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।
জানা গেছে, গত দেড় দশকে আওয়ামী লীগের শাসনামলে নীতিনির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ হিসেবে উপস্থাপন করা হতো। ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে সেই ধারায় পরিবর্তন আনা হয়েছে।
এমবি এইচআর

