শরীয়তপুরে বসতঘরে বোমা বিস্ফোরণ: যুবক নিহত, আটক ২

শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি বসতঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

Jan 8, 2026 - 16:37
 0  3
শরীয়তপুরে বসতঘরে বোমা বিস্ফোরণ: যুবক নিহত, আটক ২
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি বসতঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। বিস্ফোরণের প্রকৃত কারণ ও এর পেছনের জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের ফলে একটি বসতঘরের দেয়াল ও চালা সম্পূর্ণ উড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ফসলি জমিতে এক যুবকের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তার পরিচয় নিশ্চিত করা হয় সোহান নামে একই এলাকার এক যুবক হিসেবে।

পুলিশ ধারণা করছে, ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণটি ঘটতে পারে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এমবি এইচআর