নাটোর এডিএম কোর্টে হাজিরা শেষে দুই পক্ষের সংঘর্ষ

নাটোর আদালত চত্বরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) মামলার হাজিরা শেষে উভয় পক্ষের লোকজনদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

Jan 19, 2026 - 17:33
 0  3
নাটোর এডিএম কোর্টে হাজিরা শেষে দুই পক্ষের সংঘর্ষ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নাটোর আদালত চত্বরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) মামলার হাজিরা শেষে উভয় পক্ষের লোকজনদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর পৌরসভার কান্দিভিটা এলাকার বাসিন্দা জামিলুর রহমানের সঙ্গে একই জেলার লালপুর উপজেলার রামানন্দপুর এলাকায় অবস্থিত ১২ দশমিক ৫ বিঘা জমির ভোগদখল নিয়ে আশরাফুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে নাটোর এডিএম কোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে।

সোমবার হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে তা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বে থাকা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযানে উভয় পক্ষের তিনজন—লিটন, জনি ও রানা—কে আটক করা হয়েছে। আটকরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমবি এইচআর