সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা আব্দুল মোতালেব র‍্যাব-৭–এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য আহত হয়েছেন।

Jan 20, 2026 - 10:49
 0  2
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা আব্দুল মোতালেব র‍্যাব-৭–এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য আহত হয়েছেন। সোমবার (গতকাল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা প্রায় ৬টার দিকে র‍্যাব-৭–এর একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে, এতে চারজন র‍্যাব সদস্য রক্তাক্ত অবস্থায় আহত হন।

পরে থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন র‍্যাব সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। নিহত কর্মকর্তার মরদেহ ময়নাতদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি পাহাড় ও খাসজমি দখল করে কয়েক হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকায় অতীতেও একাধিকবার উচ্ছেদ অভিযান ও পাহাড় কাটা বন্ধে অভিযান চালাতে গিয়ে প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

সর্বশেষ গত বছরের অক্টোবরে জঙ্গল সলিমপুরে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হন। ওই ঘটনার পরদিন সংবাদ সংগ্রহে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন দুই সাংবাদিক। এর আগেও ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ওসি ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

এমবি এইচআর