ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর খেলাফত মজলিসে যোগদান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়ার মাঠে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে ফরিদপুর-২ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে খেলাফত মজলিসে যোগদান করেন।
যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-প্রচার সম্পাদক মো. মতিউর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গট্টি ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আবুল খায়ের।
এ সময় যোগদানকারী নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী এবং উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমবি এইচআর

