আবারও গ্রামীণ ব্যাংকে আগুন

কিশোরগঞ্জে এক রাতেই তিনটি স্থানে নাশকতামূলক তৎপরতায় পথ অবরোধ, ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা ও অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

Nov 17, 2025 - 11:17
 0  3
আবারও গ্রামীণ ব্যাংকে আগুন

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে এক রাতেই তিনটি স্থানে নাশকতামূলক তৎপরতায় পথ অবরোধ, ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা ও অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার রাত দেড়টার দিকে পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কের পাশে থাকা বড় একটি লিচুগাছ কেটে রাস্তার ওপর ফেলে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কয়েকজন যুবক গাছটি কেটে ফেলে। এতে কিশোরগঞ্জ–পাকুন্দিয়া সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত গাছ অপসারণ করে সড়ক পুনরায় চালু করে।

একই রাতে শহরের স্টেশন রোডের গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা গেছে, মুখোশধারী এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংকের নিচতলায় আগুন ধরিয়ে দেন। তবে আশপাশের মানুষ দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।

অন্যদিকে ভোরে সিভিল সার্জন অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন লাগানোর সময়ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, খবর পেয়ে দল পাঠানো হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

এমবি/টিআই