হাতিয়ায় এনসিপি প্রার্থীর পথসভায় ইটপাটকেল নিক্ষেপ, উত্তেজনা

নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

Feb 1, 2026 - 14:53
 0  2
হাতিয়ায় এনসিপি প্রার্থীর পথসভায় ইটপাটকেল নিক্ষেপ, উত্তেজনা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় এ হামলা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সূত্র জানায়, তালতলা বাজারে পথসভায় হান্নান মাসউদের বক্তব্য চলাকালে বিএনপির সমর্থকেরা সমাবেশস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। আকস্মিক এই হামলায় সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে দাবি করা হয়।

এনসিপির অভিযোগ অনুযায়ী, এর আগের দিন শুক্রবার (৩১ জানুয়ারি) উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাছান ও তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহেরসহ তাঁদের অনুসারীরা তালতলা বাজারে এনসিপির নির্বাচনী অফিস ভাঙচুর করেন।

হামলায় তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদসহ আরও একজন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামছল তিব্রিজ বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করা এবং ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালানো হয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহের বলেন, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, এনসিপি ‘মিথ্যা নাটক সাজিয়ে’ ধানের শীষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমবি এইচআর