সিরাজগঞ্জে ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীতে একটি ড্রেজার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীতে একটি ড্রেজার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম হাফিজুল ইসলাম হাফিজ (৩০)। তিনি একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় তীর সংরক্ষণ বাঁধের পাশে দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের কাজ চলছিল। হাফিজুল ইসলাম হাফিজও এসব ড্রেজারভিত্তিক বালু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
রোববার (২১ ডিসেম্বর) রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিন অংশে চার সহযোগীর সঙ্গে ঘুমিয়ে পড়েন হাফিজ। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমবি এইচআর

