জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৯ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের মামলায় একই পরিবারের ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Nov 6, 2025 - 17:18
 0  2
জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৯ জন গ্রেপ্তার

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

 সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের মামলায় একই পরিবারের ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—হেমনগর গ্রামের মো. আব্দুল করিম (৬০), শাহ আলম (৪০), নুরুজ্জামান (৪৫), নুরুল আমিন (৪১), রুহুল আমিন (৪২), বাটুল হোসেন (৩৮), হাবিবুল্লাহ (৩৫), আরিফুল ইসলাম (৩২) ও স্বপন আলী (৩৬)। তারা সবাই একই পরিবারের সদস্য।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে হেমনগর গ্রামের ওই পরিবারের সঙ্গে নাটোরের গুরুদাসপুর উপজেলার আশিক উল্লার মধ্যে ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে আশিক উল্লা গুরুতর আহত হন। পরে তিনি আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

পেশকার আশিকুর রহমান জানান, আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি জিয়াউর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

এমবি/টিআই