আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘবদ্ধ মুখোশধারী একদল ডাকাত বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির এক সদস্য গুরুতর আহত হন।

Jan 18, 2026 - 11:33
 0  3
আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘবদ্ধ মুখোশধারী একদল ডাকাত বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির এক সদস্য গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া (৪৫) পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। তিনি ওই এলাকার বাসিন্দা ফজলু হকের ছেলে।

হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় পরিবারের সব সদস্য ঘরে জেগে ছিলেন। হঠাৎ করে ১৫–২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র ও পিস্তল হাতে বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির সাতটি দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

তিনি আরও জানান, ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতি চলাকালে বাধা দিতে গেলে তার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, ডাকাতির খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এমবি এইচআর