সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ মোট আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (ঢাকা মহানগর) মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ মোট আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (ঢাকা মহানগর) মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন— রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।
এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমন রোধ করা জরুরি।
এর আগে গত বছরের ৬ আগস্ট মিথ্যা তথ্য দিয়ে ১০ কাঠার প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, প্লট বরাদ্দের ক্ষেত্রে নির্ধারিত শর্ত ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার করেন খায়রুল হক। রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় সুদ মওকুফের কোনো বিধান না থাকা সত্ত্বেও তিনি সাময়িক বরাদ্দপত্রের শর্ত লঙ্ঘন করেন।
অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সুদসহ কিস্তির অর্থ পরিশোধ না করে তিনি অবসরের পর, অর্থাৎ বরাদ্দের প্রায় পাঁচ বছর পর সুদবিহীনভাবে টাকা জমা দেন। এতে রাজউকের প্রচলিত নীতিমালা লঙ্ঘন করে বিশেষ সুবিধা গ্রহণের মাধ্যমে সুদ বাবদ ৪ লাখ ৭৪ হাজার ২৪০ টাকা পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতিসাধন ও আত্মসাতের অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এমবি এইচআর

