র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Feb 3, 2026 - 16:28
 0  2
র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‌্যাবের নাম ও পোশাক সংক্রান্ত বিষয়ে প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়েছে এবং বাহিনীটিকে নতুনভাবে গঠন করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, র‌্যাবের নাম ও পোশাক নির্ধারণে সর্বস্তরের মতামত সংগ্রহ করা হচ্ছে। আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি এবং কোস্ট গার্ডের সদস্যদের সমন্বয়ে র‌্যাব গঠন করা হয়।

পরবর্তীতে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধের’ নামে শতশত বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ওঠে এই বাহিনীর বিরুদ্ধে। বিএনপির আমলের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়েও এ ধরনের অভিযোগের ধারাবাহিকতা দেখা যায়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একাধিকবার র‌্যাব বিলুপ্তির আহ্বান জানালেও বাংলাদেশ সরকার তাতে সাড়া দেয়নি। এমনকি যিনি ক্ষমতায় থাকাকালে র‌্যাব গঠিত হয়েছিল, সেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে র‌্যাব বিলুপ্তির দাবি জানান।

২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে র‌্যাব ও এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সরকার। এর পর থেকে র‌্যাবের ‘ক্রসফায়ার’ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

সর্বশেষ ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) র‌্যাব বিলুপ্তির সুপারিশ করে। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে শুধু সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার আহ্বান জানানো হয়।

তবে এসব আহ্বানে সাড়া না দিয়ে র‌্যাব গঠনের প্রায় ২২ বছর পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাহিনীটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল।

এমবি এইচআর