নির্বাচন সামনে রেখে নরসিংদীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৭
নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ অর্থসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর শাহপুর ও জাঙ্গাইলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ অর্থসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর শাহপুর ও জাঙ্গাইলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নরসিংদী সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিবপুর থানার কারারচর গ্রামের মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহপুর গ্রামের শাহজালাল আহমেদ সানির স্ত্রী শম্পা আক্তার (২৪), জাঙ্গাইলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুকুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।
অভিযানকালে তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগাজিন, দুটি শটগানের কার্তুজ, ফেন্সিডিলসহ দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন খোকার বিরুদ্ধে একটি মামলা, আজিজুল মিয়ার বিরুদ্ধে দুটি এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হিসেবে পরিচিত জামাল উদ্দিন খোকাসহ সাতজনকে আটক করা হয়েছে। পরে তাদের শিবপুর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমবি এইচআর

