শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াত নেতাদের উপস্থিতিতে সভা বর্জন মুক্তিযোদ্ধাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের দাওয়াত দেওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা বর্জন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

Dec 14, 2025 - 17:41
 0  2
শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াত নেতাদের উপস্থিতিতে সভা বর্জন মুক্তিযোদ্ধাদের
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের দাওয়াত দেওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা বর্জন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনার পর শহরের স্টেশন রোডে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে তাৎক্ষণিকভাবে এক জরুরি সংবাদ সম্মেলন করেন তারা।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর নেতাদের মঞ্চে স্থান দেওয়ায় তারা আলোচনাসভা বর্জন করেছেন। তারা বলেন, যারা মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে যুক্ত ছিল, তাদের সঙ্গে এক মঞ্চে বসা সম্ভব নয় এবং এ বিষয়ে কোনো আপস হতে পারে না।

মুক্তিযোদ্ধারা আরও অভিযোগ করেন, এর আগে তারা উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছিলেন—শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভায় যেন জামায়াত নেতাদের আমন্ত্রণ না জানানো হয়। কিন্তু তাদের সেই অনুরোধ মানা হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সব রাজনৈতিক দলের নেতাদেরই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি দাবি করেন, মুক্তিযোদ্ধারা সভায় কিছুটা দেরিতে আসায় তাদের জন্য আলাদা করে চেয়ার রাখা হয়েছিল। তবে তারা সেখানে না বসে ব্যস্ততার কথা বলে হলরুম ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব এবং মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্যসচিব গোলাম মোস্তফাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।

এমবি এইচআর