গলাচিপায় নুর–মামুন সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর ও ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

Feb 1, 2026 - 16:32
 0  1
গলাচিপায় নুর–মামুন সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর ও ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু নাঈম গণমাধ্যমকে জানান, রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী-সমর্থকেরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে ট্রাক প্রতীকের কয়েকজন স্থানীয় সমর্থক সেখানে অবস্থান করছিলেন। সংখ্যায় কম দেখে ঘোড়া প্রতীকের লোকজন উসকানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করলে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় ট্রাক প্রতীকের সমর্থক মো. আলতাফ প্যাদা (৪০), মো. ফিরোজ খান (৩৫), মো. মাহাতাব খান (৩৭)সহ সাত থেকে আটজন আহত হন। তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে হাসান মামুনের সমর্থক মো. মারুফ (২৩) অভিযোগ করে বলেন, ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে মিছিল করে বাড়ি ফেরার সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা পথরোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে তাঁদের পক্ষেরও সাত থেকে আটজন আহত হন। আহতদের মধ্যে জায়েদ মাহমুদ (২৩) ও মো. ওয়াজিব হাওলাদারকে (২৪) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমবি এইচআর