যাত্রী ছাউনি থেকে পাইপগান ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি যাত্রী ছাউনি থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করেছে র্যাব-৯।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি যাত্রী ছাউনি থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে.এম. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার ৯ নম্বর ওয়ার্ডের লালারগাঁও অটোবি কারখানা সংলগ্ন এলাকায় অবৈধ অস্ত্র ও পেট্রোলবোমা মজুত থাকার তথ্য পায় র্যাব। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে র্যাব-৯ সিলেটের একটি আভিযানিক দল ঢাকা–সিলেট মহাসড়কের লালারগাঁও এলাকার যাত্রী ছাউনি ও আশপাশে ব্যাপক তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে যাত্রী ছাউনির বসার জায়গার নিচে থাকা একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধার করা অস্ত্র ও পেট্রোলবোমাগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।
এ বিষয়ে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে.এম. শহিদুল ইসলাম জানান, উদ্ধার অস্ত্র ও পেট্রোলবোমা আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এমবি এইচআর

