কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ সবাই নিহত

কলম্বিয়ার উত্তরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ক্রু ও যাত্রীসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলা সীমান্তের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা নিশ্চিত করেছে। খবর বিবিসির।

Jan 29, 2026 - 12:04
 0  3
কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ সবাই নিহত
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কলম্বিয়ার উত্তরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ক্রু ও যাত্রীসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলা সীমান্তের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা নিশ্চিত করেছে। খবর বিবিসির।

এক বিবৃতিতে সাতেনা জানায়, তাদের একটি বিচক্র্যাফট ১৯০০ মডেলের বিমান ‘মারাত্মক দুর্ঘটনার’ শিকার হয়েছে। পরে পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

সরকারি যাত্রী তালিকায় কলম্বিয়ার আইনপ্রণেতা দিয়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে প্রার্থী কার্লোস সালসেদোর নামও রয়েছে।

বিমান সংস্থার তথ্য অনুযায়ী, এনএসই ৮৮৪৯ নম্বর ফ্লাইটটি কুকুতা শহর থেকে উড্ডয়ন করেছিল এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন শহর ওকানিয়ায় অবতরণের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন বলে জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সেমানাকে দেওয়া এক সাক্ষাৎকারে নর্তে দে সান্তান্দের প্রদেশের গভর্নর উইলিয়াম ভিয়ামিজার জানান, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

যে এলাকায় বিমানটি নিখোঁজ হয়েছিল, সেটি ইএলএন গেরিলা গোষ্ঠীর প্রভাবাধীন অঞ্চল হওয়ায় উদ্ধার কার্যক্রম জটিল হয়ে পড়েছে। তবে দেশটির সশস্ত্র বাহিনী অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে বলেন, এই দুর্ঘটনায় প্রাণহানিতে তিনি গভীরভাবে মর্মাহত।

এমবি এইচআর