জামায়াতের ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর ১৫ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

Nov 29, 2025 - 17:49
 0  3
জামায়াতের ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর ১৫ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে কুলকান্দি ইউনিয়নের খাঁনবাড়ী এলাকার দলীয় কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদের হাতে ফুল দিয়ে তারা দলে যোগ দেন। এরপর তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়া হয়।

যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন কুলকান্দি ইউনিয়নের জিগাতলা ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এরশাদ খন্দকার, সেক্রেটারি নাছিম উদ্দিন ও সহসভাপতি সোনাহার খন্দকারসহ মোট ১৫ জন।

এরশাদ খন্দকার বলেন, “আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাইয়ের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।”

এ বিষয়ে কুলকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুল মালেক বলেন, “১ নম্বর ওয়ার্ডে এরশাদ খন্দকারকে সভাপতি করে কমিটি গঠন করা হলেও তারা কোনো কাজ করছিল না। জামায়াতে তাদের জন্য সুযোগ না থাকায় তারা অন্য দলে যোগ দিয়েছে—এ বিষয়ে আমাদের বলার কিছু নেই।”

ইসলামপুর-২ আসনে বিএনপির প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, “বিএনপির কার্যক্রমে আস্থা ও গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। সময়োপযোগী সিদ্ধান্তের জন্য তাদের ধন্যবাদ।” তিনি আরও বলেন, “আজ আমাদের মন ভালো নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি নেতারা।

এমবি এইচআর