চিকিৎসার নামে থাইল্যান্ড যাওয়ার আবেদন খারিজ, আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন স্পাইনাল কর্ডের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। তবে আদালত তার সেই আবেদন নামঞ্জুর করেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন স্পাইনাল কর্ডের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। তবে আদালত তার সেই আবেদন নামঞ্জুর করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে মোয়াজ্জেম হোসেনের আবেদনটি খারিজ করেন।
এর আগে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল। এদিন তার আইনজীবী মো. রায়হান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশ গমনের অনুমতি চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মোয়াজ্জেম হোসেনকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো ধরনের আইনশৃঙ্খলা ভঙ্গকারী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন বলেও দাবি করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করা হবে উল্লেখ করে এনআইডির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, পড়ে গিয়ে মোয়াজ্জেম হোসেন স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত পান এবং সেখান থেকে ফ্লুইড লিকের সমস্যা দেখা দেয়। থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসার জন্য মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তার চিকিৎসাসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে। এ অবস্থায় তার বিদেশে চিকিৎসা নেওয়া একান্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।
এমবি এইচআর

