পার্কিং করা বাস পুড়িয়ে দেওয়া হলো আমতলীতে, তদন্তে পুলিশ
বরগুনার আমতলীতে পার্কিং করে রাখা ‘স্বর্ণা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে পার্কিং করে রাখা ‘স্বর্ণা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে পৌর শহরের ফেরিঘাট সড়কের গাজী বাড়ির সামনে এ নাশকতার ঘটনা ঘটে। ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর যুবলীগ সদস্য তন্ময় গাজী, কাওসার রনি ও সগির মল্লিক।
স্থানীয় সাব্বির হাওলাদার জানান, বাসের হেলপারের ডাকাডাকিতে ঘর থেকে বের হয়ে আগুন জ্বলতে দেখেন তাঁরা। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও বাসটি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত বাসটির মালিক আমতলী উপজেলার গাজীপুর বন্দরের শহীদ দেওয়ান বলেন, এটি পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালে ক্ষয়ক্ষতি এতটা হতো না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনাস্থলের তথ্য-উপাত্তের ভিত্তিতে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িত অন্যদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমবি এইচআর

