ওয়াজ মাহফিলের মেলায় চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ, আহত ১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত মেলায় চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

Jan 5, 2026 - 17:21
 0  1
ওয়াজ মাহফিলের মেলায় চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ, আহত ১০
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত মেলায় চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী মাদ্রাসা মাঠে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাহফিল উপলক্ষে বসানো মেলায় হাতড়েকুড়ি গ্রামের ১০ থেকে ১৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে এসে দোকানিদের কাছ থেকে চাঁদা দাবি করে। দোকানিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নাগরদোলার চারটি সিঁড়ি খুলে নিয়ে যায়। এ ঘটনায় কাঁঠালবাড়ী গ্রামের ওয়াজ মাহফিল আয়োজক ও স্থানীয়রা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৪০) গুরুতর আহত হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমবি এইচআর