পাকিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত ৬ পুলিশ সদস্য
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় আফগান সীমান্তের কাছে ভয়াবহ বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় আফগান সীমান্তের কাছে ভয়াবহ বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। একই দিনে পৃথক আরেকটি হামলায় আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (১২ জানুয়ারি) এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, খাইবার পাখতুনখোয়ার ট্যাংক জেলার গোমাল বাজার সড়কে পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই ছয় পুলিশ সদস্য প্রাণ হারান।
এদিকে লাকি মারওয়াত জেলায় পুলিশের একটি ভ্যান লক্ষ্য করে চালানো হামলায় তিনজন পুলিশ সদস্য আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে একজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হামলার ঘটনায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। হামলার পরপরই পেশোয়ার, বান্নু ও খাইবার জেলায় সন্ত্রাসবাদবিরোধী বিভাগ (সিটিডি) অভিযান পরিচালনা করে।
নিরাপত্তা বাহিনীর দাবি, অভিযানে অন্তত আটজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নকভি বলেন, খাইবার পাখতুনখোয়ার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় অস্থিরতা চরমে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে সীমান্তজুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ও সহিংসতার ঘটনা বাড়ছে।
পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানে আশ্রয় নিয়ে সীমান্ত পেরিয়ে এসব হামলা চালাচ্ছে এবং ভারত তাদের অর্থ ও রসদ দিয়ে সহায়তা করছে। তবে আফগান সরকার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
এমবি এইচআর

