নরসিংদীজুড়ে ভূমিকম্পের ক্ষয়চিহ্ন: ফেটে গেছে মাটি, থামেনি মানুষের আতঙ্ক

শুক্রবার (২১ নভেম্বর) স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্পে কেঁপে উঠেছে নরসিংদী। উৎপত্তিস্থল জেলাজুড়ে এখনো আতঙ্ক কাটেনি মানুষের মনে। শক্তিশালী কম্পনে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Nov 22, 2025 - 13:43
 0  2
নরসিংদীজুড়ে ভূমিকম্পের ক্ষয়চিহ্ন: ফেটে গেছে মাটি, থামেনি মানুষের আতঙ্ক
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

শুক্রবার (২১ নভেম্বর) স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্পে কেঁপে উঠেছে নরসিংদী। উৎপত্তিস্থল জেলাজুড়ে এখনো আতঙ্ক কাটেনি মানুষের মনে। শক্তিশালী কম্পনে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেলার পলাশ, মাধবদী ও নরসিংদী শহরজুড়ে দেখা গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন ধরে ব্যাপক ক্ষতি হয়, অন্য ট্রান্সফরমারগুলোর বেশিরভাগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ভূমিকম্পের শক্তিতে জেলার বিভিন্ন স্থানে মাটি ফেটে ৬ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত বড় ফাঁক তৈরি হয়েছে। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের আঙিনার মাটি দেবে গেছে, কলেজ ফটকের সামনের টিনশেডের মেঝে ফেটে চৌচির। ঘোড়াশাল ডেইরি ফার্মেও দেখা গেছে ব্যাপক ভূমিধস ও গভীর ফাটল।

ঘোড়াশাল এলাকার ছয়টি বাড়ি, এস এ প্লাজা নামে সাততলা শপিং মলসহ একাধিক ভবনে ফাটল ধরে। বিভিন্ন ভবনের ছাদ থেকে দেয়ালের ইট পড়ে গুরুতর ক্ষতি হয়েছে। নরসিংদী শহর, মাধবদী, পলাশ ও ঘোড়াশালের কয়েকটি ভবন হেলে পড়ার ঘটনাও ঘটেছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন জানান, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “নিহতদের দাফন-কাফনের জন্য পরিবারপ্রতি ২৫ হাজার টাকা করে সহযোগিতা দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।”

এমবি এইচআর