ওসমানী হাসপাতালে চিকিৎসক হেনস্তা, কর্মবিরতিতে ইন্টার্নরা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

Jan 17, 2026 - 13:37
 0  2
ওসমানী হাসপাতালে চিকিৎসক হেনস্তা, কর্মবিরতিতে ইন্টার্নরা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করায় চিকিৎসাসেবা কার্যত ব্যাহত হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের অনুরোধ জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং হালকা আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়।

তিনি বলেন, এরপর ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের একটি অংশ অভিযুক্তদের ওপর হামলা চালায়। হাসপাতালের অন্যান্য রোগীর নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অভিযুক্তদের থানায় নেওয়ার সময় আবারও তাদের ওপর হামলার চেষ্টা হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ সদস্যরাও সামান্য আহত হন। পরে অভিযুক্তদের নিরাপত্তার জন্য দ্রুত উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে সার্জারি বিভাগের একটি ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ওই চিকিৎসকের ওপর হামলা চালান এবং তাকে হেনস্তা করেন। বিষয়টি জানাজানি হলে অন্য ইন্টার্ন চিকিৎসকরা এগিয়ে এসে এক নারীসহ তিনজনকে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

রাত ১টার দিকে ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা তাৎক্ষণিক কর্মবিরতির ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ একাধিক টিম হাসপাতাল এলাকায় মোতায়েন করে।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসকরা তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, বারবার এমন হামলার ঘটনায় চিকিৎসা পরিবেশ মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ছে। দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের চিকিৎসা পরিবেশ নিরাপদ করার জোর দাবি জানান তারা। 

এমবি এইচআর