বাড়ল ভোজ্যতেলের দাম: কোন তেলের দাম কত হলো?

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের প্রতি লিটারে যথাক্রমে ৬ ও ৭ টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে পাম তেলের লিটারপ্রতি দাম বেড়েছে ১৬ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৩৩ টাকা।

Dec 7, 2025 - 20:07
 0  5
বাড়ল ভোজ্যতেলের দাম: কোন তেলের দাম কত হলো?
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের প্রতি লিটারে যথাক্রমে ৬ ও ৭ টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে পাম তেলের লিটারপ্রতি দাম বেড়েছে ১৬ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৩৩ টাকা।

রবিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়। আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দামে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ টাকায়। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা। পাঁচ লিটারের বোতলের নতুন দাম ৯৫৫ টাকা। এছাড়া খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে পূর্ব ঘোষণা ছাড়া একতরফা মূল্য বৃদ্ধির অভিযোগে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গত ৩ ডিসেম্বর সাংবাদিকদের তিনি জানান, ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়টি সম্পর্কে সরকার কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি।

তিনি বলেন, পূর্বেও ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়ালে সরকার তা মানেনি এবং ব্যবস্থা নিয়েছিল। যৌক্তিক কারণ থাকলে আলোচনা সাপেক্ষে মূল্য সমন্বয় করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এমবি এইচআর