মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে আগামী ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বৈঠক শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি জানান, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে। এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, রমজানে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গণমাধ্যম কমিশনের প্রস্তাবগুলো নিয়েও কাজ করার কথা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জনগণ সরকারকে ম্যান্ডেট দিয়েছে। তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. নুরুল হক নুর বলেন, দুর্নীতির প্রভাবমুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ঈদে নির্বিঘ্নে মানুষের ঘরে ফেরা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এমবি এইচআর

