সরকারি জমি দখলকে কেন্দ্র করে কেন্দুয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৬
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে এক পক্ষ ওই জমি দখলের চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে পুরো বাট্টা কাচারি মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষের প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে। বাট্টা কাচারি মোড়ের বেশ কয়েকটি দোকানপাট আংশিকভাবে বন্ধ রয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহল সরকারি জমি দখলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এমবি এইচআর

