নেত্রকোনায় মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, বিআরডিবি কর্মকর্তা নিহত
নেত্রকোনার বারহাট্টায় পিকআপ ভ্যানের ধাক্কায় শেখ ফিরোজ মিয়া (৪৫) নামে এক বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) কর্মকর্তা নিহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টায় পিকআপ ভ্যানের ধাক্কায় শেখ ফিরোজ মিয়া (৪৫) নামে এক বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বারহাট্টা–বাউসী সড়কের মোয়াটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মিয়া উপজেলার রায়পুর ইউনিয়নের চাকুয়া গ্রামের বাসিন্দা। তিনি বারহাট্টা উপজেলা বিআরডিবি অফিসে উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার অফিস শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ফিরোজ মিয়া। পথে মোয়াটী এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়রা পিকআপ ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যান। পরিবার ময়নাতদন্তে রাজি নয় এবং মামলাও করবে না বলে জানিয়েছে।
তিনি আরও বলেন, পিকআপচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমবি/টিআই

