ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুর রহমান স্থায়ীভাবে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী–১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে তাঁর প্রার্থিতাও।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী–১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে তাঁর প্রার্থিতাও।
সোমবার রাতে পটুয়াখালী পৌরসভাস্থ জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এ সিদ্ধান্ত ঘোষণা করেন। জানানো হয়, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) নির্দেশনা এবং জেলা আমেলার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দলীয় সব পদ ও প্রার্থীতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে পটুয়াখালী–১ আসনের নতুন প্রার্থী হিসেবে জেলা শাখার সক্রিয় সদস্য আলহাজ মাওলানা আবুল হাসান বোখারীকে মনোনীত করা হয়েছে।
এর আগে সন্ধ্যায় কলাপাড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুফতি হাবিবুর রহমান নিজেই পটুয়াখালী–১ থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে পটুয়াখালী–৪ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে ওই আসনে ইসলামী আন্দোলন ইতোমধ্যে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় তিনি দলীয়ভাবে প্রার্থী হওয়ার সুযোগ হারান। ফলে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তিনি দলীয় সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং অন্য আসনে মনোনয়ন পাওয়ার চাপ থেকে মানসিক–শারীরিক সংকটের কথা উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থান শুধু ব্যক্তিগত মনঃক্ষুণ্ণতার প্রতিফলন নয়; বরং দলের অভ্যন্তরীণ টানাপড়েন ও পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করে।
কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের অব্যাহতি পাওয়া তিন নেতার উপস্থিতিও স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে বলে পর্যবেক্ষকদের মন্তব্য।
এমবি এইচআর

