পটুয়াখালীতে অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি
মেঘনাবার্তা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ফেরি বিভাগের কোটি টাকার সম্পদ। দীর্ঘদিন রোদ-বৃষ্টি আর পানির নিচে পড়ে থাকায় দুটি ফেরি এখন সম্পূর্ণ অচল অবস্থায়। নিরাপত্তার অভাবে চুরি হয়ে যাচ্ছে ফেরিগুলোর মূল্যবান যন্ত্রাংশও।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাহেরচর এলাকায় পায়রা নদীর তীরে খোলা আকাশের নিচে পড়ে আছে দুটি ফেরি। মরিচা ধরা লোহায় পরিণত হয়েছে ফেরিগুলোর গায়ে। কোথাও ভাঙা দরজা-জানালা, কোথাও যন্ত্রপাতি উধাও। ভেতরে জমেছে ময়লা-আবর্জনা, চারপাশে আগাছায় ঢেকে গেছে পুরো এলাকা।
স্থানীয়দের অভিযোগ, ২০২১ সালের ২৪ অক্টোবর পায়রা সেতু চালুর পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের প্রভাব খাটিয়ে ফেরি দুটি তার বাড়ির সামনে বাহেরচরে সরিয়ে আনা হয়। এরপর থেকেই সেগুলো অকেজো অবস্থায় পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, “দীর্ঘদিন ফেরিগুলো পড়ে আছে, কোনো রক্ষণাবেক্ষণ নেই। কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট হচ্ছে। চাইলে এগুলো নিলামে বিক্রি বা অন্যত্র ব্যবহার করা যেত।”
অন্য এক বাসিন্দা মো. শাহিন বলেন, “সরকারি সম্পদ এভাবে ফেলে রাখা দুঃখজনক। সংস্কার বা বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের সুযোগ রয়েছে।”
পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার জানান, “ফেরি দুটি বাহেরচরে পড়ে আছে—বিষয়টি আমাদের জানা। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।”
এমবি/এসআর

